চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় তদারকি কার্যক্রম চালিয়ে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তদারকি কার্যক্রমে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ ব্যবহার, পচা ও দুর্গন্ধযুক্ত রং ও খাদ্যদ্রব্য সংরক্ষণ, পচা-দুর্গন্ধযুক্ত পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল।
একই অভিযানে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যদ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণের কারণে আলিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রান্না করা বাসি খাবার ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের প্রয়োজনীয় সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।