চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণস্থানে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে। সেখানে ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মসলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকা পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের ফ্লোর স্যাঁতসেঁতে ও টাইলস ভাঙা অবস্থায় ছিল।
অভিযানে আরও দেখা যায়, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। রেস্তোরাঁটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানা, সিএমপির একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।