নারী সাংবাদিক নুর আফরিন পপিকে হয়রানির অভিযোগ, এমআরএ চট্টগ্রামের প্রতিবাদ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) চট্টগ্রামের নারী বিষয়ক সম্পাদিকা ও ‘২৪ টিভি’র সাংবাদিক নুর আফরিন পপির সাবেক কর্মস্থল ‘চ্যানেল ই’-এর বিরুদ্ধে বকেয়া বেতন আটকে রাখা, তালবাহানা, মানসিক হয়রানি এবং উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এমআরএ চট্টগ্রাম।

সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সীরাত মঞ্জুর এক যৌথ বিবৃতিতে বলেন, একজন নারী সাংবাদিকের ন্যায্য পাওনা আটকে রাখা এবং তা চাইতে গেলে উল্টো মামলা দিয়ে চাপ সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।

তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও সামাজিক নিরাপত্তার ওপর চরম আঘাত। সাংবাদিক নুর আফরিন পপির বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

একই সঙ্গে ‘চ্যানেল ই’ কর্তৃপক্ষের প্রতি নুর আফরিন পপির বকেয়া বেতনসহ অন্যান্য ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করে বিষয়টির সম্মানজনক সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে এমআরএ নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) চট্টগ্রাম সবসময় আপসহীন। অনতিবিলম্বে নুর আফরিন পপির প্রাপ্য বকেয়া পরিশোধ এবং হয়রানি বন্ধ করা না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন তারা।