চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে একটি ব্যাটারি ও আইপিএসের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট ভোরে আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোডের ‘হাজী ব্যাটারী হাউস’ নামের দোকানের তালা, শাটার ও গ্লাস ভেঙে ৬৩টি ব্যাটারি ও ৩২টি আইপিএস চুরি করে নিয়ে যায় চোরচক্র। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
ঘটনার পর ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলম ও পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় ১ হাজার ৭০০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২৮ আগস্ট বনানীর কড়াইল বস্তি থেকে মো. ফরিদ (২৭) ও মো. ফয়সাল (২৭) এবং গুলশান ২৪ নম্বর রোড এলাকা থেকে মো. সোহাগ (৪১)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মো. শাহীন আলম (৪৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, শাহীন আলমের দেখানো মতে তার গোডাউন থেকে বিভিন্ন কোম্পানির ৩২টি আইপিএস ও ২৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে আরও ১৩টি ব্যাটারি উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।