নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ কয়েকশ

নেপালে বুধবারের ভয়াবহ পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে বলে দেশটির পুলিশ। এ ঘটনায় এখনও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। খবর কাঠমান্ডু পোস্ট’র।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত চিতওয়ানে ২৩৩টি, নওয়ালপরাসি ইস্টে ১৫৮টি, গোরখায় ৪৮টি, নওয়ালপরাসি ওয়েস্টে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করছে।
কর্তৃপক্ষ উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং বন্যার ধ্বংসাবশেষ ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করছে, যাতে যোগাযোগ পুনরায় চালু করা যায় এবং ত্রাণ কার্যক্রম সহজতর হয়।
এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যাটি আঘাত হানে। এতে প্রবল স্রোতের সঙ্গে পানি ও ধ্বংসাবশেষ বোটেকোশি ও ত্রিশূলী নদীতে প্রবাহিত হয়। এতে বাড়িঘর, সেতু, সড়ক এবং অন্যান্য অবকাঠামো ভেসে যায়, ফলে বেশ কয়েকটি এলাকার মানুষজন ও যাত্রীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
অনুসন্ধানকারী দলগুলো আরও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর এবং অতিরিক্ত মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।