মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, হাসনাত আব্দুল্লাহ ও এনসিপিকে বয়কটের ডাক

সম্প্রতি জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাকে বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।
জানা যায়, রাতে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। একপর্যায়ে সমাবেশ থেকে মিছিল বের করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন তারা। এসময় এনসিপি ও হাসনাত আব্দুল্লাহবিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এছাড়া হাসনাত আব্দুল্লাহ তার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে শনিবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘হুজুরদের দোষারোপের সেই পুরোনো সংস্কৃতি আর নয়।’ আওয়ামী লীগ আমলে বিভিন্ন ঘটনায় যেভাবে হুজুরদের দোষারোপ করা হতো, এখনও যেন সেই সংস্কৃতির পুনরাবৃত্তি না হয়।
তারা বলেন, পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় মিথ্যাচার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নৌকাবাইচ বন্ধের ঘটনায় সংসদে হাসনাত আব্দুল্লাহ যেভাবে তাওহিদি জনতাকে দোষারোপ করেছেন, সেটিও অন্যায়।
বক্তারা আরও বলেন, নৌকাবাইচ বন্ধের কারণ হিসেবে এলাকার কৃষকেরা তাদের জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা বলেছেন। অথচ বিষয়টি হুজুরদের ওপর চাপিয়ে দেয়া অত্যন্ত দুঃখজনক।
বিক্ষোভকারীরা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা তোমাকে ভালোবাসি। জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের সঙ্গে কোনো গণ্ডগোলে যেতে চাই না। আমরা ঐক্য চাই, সম্প্রীতি চাই। তবে তোমার বক্তব্যে যদি তাওহিদি জনতা ও আলেম-উলামা অন্যায়ভাবে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে তোমাকে অবশ্যই দুঃখ প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করতে হবে। জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। কিন্তু ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস নয়।’
উল্লেখ্য, শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশ নেয়ার কথা রয়েছে।