প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করছি: চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরীর প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার টাইগারপাস থেকে অক্সিজেন হয়ে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় মেয়র চলমান সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ, সড়ক সংস্কার, মিডিয়ান উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে কাজ শেষ করার নির্দেশ দেন।

অক্সিজেন মোড়ে নির্মাণাধীন গোলচত্বরের কাজ পরিদর্শন করে মেয়র সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এ সময় নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মিডিয়ান ও আইল্যান্ডে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে মিডিয়ানগুলোতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত আলোকায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে শুধু অবকাঠামোগতভাবে নয়, পরিবেশগতভাবেও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা কাজ করছি। ব্যাপক বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের দুর্ভোগ কমিয়ে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে মেয়র বলেন, “উন্নয়নকাজে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারেন।”

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রম তদারকি এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর টাইগারপাস থেকে পতেঙ্গা পর্যন্ত চলমান সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ, সড়ক সংস্কার ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করছেন।