চট্টগ্রাম বন্দর চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ (M.V. CNC URANUS)-কে দ্রুত ও দক্ষতার সঙ্গে সফলভাবে উদ্ধার করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) বিশেষ লেটার অব অ্যাপ্রিসিয়েশন (Letter of Appreciation) পাঠিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠান CMA CGM Group/CNC Line।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো ওই প্রশংসাপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন সিএমএ সিজিএম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (QSSE) মোরো জাভিয়ের (Moreau Xavier) এবং ম্যানেজিং ডিরেক্টর (CCISC) ফ্রাঁসোয়া-জাভিয়ের অ্যাকার্ড (François-Xavier Accard)।
প্রশংসাপত্রে বলা হয়, জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া, কার্যকর সমন্বয় ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বন্দরের মেরিন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়।
এতে সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার এবং জ্যেষ্ঠ পাইলটদের নেতৃত্ব ও দক্ষতারও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সরাসরি অংশগ্রহণ করে সহায়তা করায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রশংসাপত্রে আরও উল্লেখ করা হয়, দ্রুত ও সফল এই উদ্ধার অভিযান চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক মানের সক্ষমতা, দক্ষতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক খাতের সঙ্গে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে ‘এমভি সিএনসি ইউরেনাস’ রিটেইনিং ওয়ালে আটকে পড়ে। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বিত অভিযানে রাতের মধ্যেই জাহাজটি নিরাপদে উদ্ধার করা হয়।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই আনুষ্ঠানিক স্বীকৃতিকে চট্টগ্রাম বন্দরের দক্ষতা, সমন্বিত সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক মানের সেবার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।