বন্ধুত্বের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, নেই কোনো উপসংহারও। বন্ধু মানে যেন নিজেরই আরেকটি প্রতিচ্ছবি—একজন, যার কাছে মুখোশের প্রয়োজন হয় না। অভিধানে বন্ধু একটি শব্দ হলেও বাস্তব জীবনে এটি হাজারো অনুভূতি, বিশ্বাস, স্মৃতি আর নির্ভরতার আরেক নাম।
শৈশবের বিকেল, খেলার মাঠ, টিফিন ভাগাভাগি কিংবা স্কুল ছুটির সেই উচ্ছ্বাস—সময় পেরিয়ে এগুলো ধুলোমাখা স্মৃতিতে পরিণত হলেও কিছু মুখ কখনো পুরোনো হয় না, কিছু সম্পর্ক কখনো ফিকে হয়ে যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,
“আমার এক বন্ধু এখন যুক্তরাজ্যে থাকে। অনেক বছর আগে চলে গেছে। এখন আর আগের মতো দেখা হয় না। কিন্তু সেই সময়গুলো আজও খুব মনে পড়ে। শুধু বলতে চাই—আই মিস ইউ।”
জীবনের প্রতিটি ধাপে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মজীবন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—বন্ধুর তালিকা দীর্ঘ হয়। কিন্তু সময়ের পরীক্ষায় শেষ পর্যন্ত খুব অল্প কয়েকজনই হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে থাকেন।
রমনা পার্কে দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসা এক ব্যক্তি বলেন,
“আজ ২২ বছর পর আমরা একসঙ্গে রমনায় এসেছি। কিন্তু আমাদের বন্ধুত্ব ৪৫ বছরেরও বেশি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে পথ চলছি।”
বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যেখানে আনুষ্ঠানিকতার কোনো স্থান নেই। নেই বিদায়ের নির্দিষ্ট ভাষাও। প্রয়োজনের মুহূর্তে কাঁধে হাত রেখে যে মানুষটি বলে, “আছি তো, সব ঠিক হয়ে যাবে”—সেই মানুষটিই প্রকৃত বন্ধু।
এক পথচারী নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন,
“রাত একটা বাজে। হঠাৎ মন খারাপ হয়েছে। বন্ধুকে ফোন দিয়েছি। বলেছি, বাইরে যেতে চাই। কয়েক মিনিটের মধ্যেই বাইক নিয়ে চলে এসেছে। এটাই তো বন্ধুত্ব।”
সত্যিকারের বন্ধুত্ব প্রতিদিনের কথোপকথনের ওপর নির্ভর করে না। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর যোগাযোগ না থাকলেও হঠাৎ দেখা হলে মনে হয়—মাঝখানে যেন কোনো সময়ই পেরোয়নি।
আরেকজন বলেন,
“ওরা আমার সম্পর্কে কী ভাবে জানি না। কিন্তু আমার কাছে ওরা একটা ওপেন ডায়েরি। জীবনের সব কথা নির্দ্বিধায় বলতে পারি।”
সময়ের সঙ্গে মানুষের ঠিকানা বদলায়, ব্যস্ততা বাড়ে, জীবন নতুন মোড় নেয়। তবু কিছু মানুষ হৃদয়ের গভীরে থেকে যায় আজীবন। দূরত্ব কিংবা সময় তাদের আলাদা করতে পারে না।
বন্ধুত্ব দিবসের এই বার্তা তাই একটাই—সব সময় দেখা না হোক, আড্ডা না জমুক, অন্তত একটি ফোনকল বা ছোট্ট একটি বার্তায় প্রিয় মানুষটিকে জানানো যেতেই পারে—
“বন্ধু, কেমন আছিস তুই?”