শ্রীপুরে সড়ক ও সেতু নির্মাণে প্রায় ২০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন “

গাজীপুরের শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী–সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া–বলদীঘাট সড়ক এবং লালপুকুর–কাওরাইদ সড়কে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ। স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে।

প্রকল্পগুলোর কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজ হাসান হান্নানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।