অমিতকে ওপেনার করার ভাবনা বাশারের

ঘরোয়া ক্রিকেটে মূলত টপ অর্ডারে ব্যাট করেই জাতীয় দলের দরজা খুলেছেন অমিত হাসান। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে তাকে নামতে হয়েছিল সাত নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও জায়গা ধরে রেখেছেন এই ডানহাতি ব্যাটার। তবে এবার অমিতকে নিয়ে নির্বাচকদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

বাংলাদেশের টপ অর্ডারে প্রতিষ্ঠিত ব্যাটারদের ভিড়ে অমিতকে তার পরিচিত জায়গায় খেলানোর সুযোগ নেই বলে মনে করেন বাশার। তবে সাত নম্বরের পরিবর্তে তাকে ছয় নম্বরে দেখতে চান তিনি।

বাশার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওকে সাতের বদলে ছয় নম্বরে খেলালে ভালো হতো। কিন্তু টপ অর্ডারে ওর জায়গা নেই। তিন নম্বরে মুমিনুল, চার নম্বরে শান্ত ও পাঁচ নম্বরে মুশফিক। দুর্ভাগ্যজনক হলেও সেখানে অমিতের জায়গা হচ্ছে না।’

তবে অমিতের ব্যাটিং কৌশল নির্বাচকদের সামনে নতুন একটি সম্ভাবনাও হাজির করেছে। স্বীকৃত ওপেনার না হলেও তাকে ভবিষ্যতে ইনিংসের শুরুতে খেলানোর কথা ভাবছেন তারা।

প্রধান নির্বাচকের ভাষায়, ‘ও ওপেনিং ব্যাটসম্যান নয়। কিন্তু ও টেকনিক্যালি খুবই ভালো। সে কারণে ওকে ওপেনিংয়ে আনা যায় কি না, সেটাও আমরা চিন্তা করেছি।’

অবশ্য সরাসরি টেস্ট ক্রিকেটে অমিতকে ওপেনার হিসেবে নামিয়ে দেওয়ার পক্ষে নন বাশার। তার আগে অন্য পর্যায়ের ম্যাচে নতুন ভূমিকায় তাকে যাচাই করতে চান নির্বাচকেরা।

বাশার বলেন, ‘ওকে যদি ওপেনিংয়ে আনতে চাই, তাহলে আমাদের যে ম্যাচগুলো আছে, সেখানে আগে ওপেনিং করাতে হবে। তারপর টেস্টে আনতে হবে।’

অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিজে এখনই ওপেনার হিসেবে দেখা না গেলেও অমিতের জন্য ভবিষ্যতে নতুন ভূমিকার দরজা খোলা রাখছেন নির্বাচকেরা। আপাতত ছয় নম্বরেই তাকে সবচেয়ে কার্যকর মনে করছেন প্রধান নির্বাচক।