মেসির একটি পোস্ট, কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে গেল

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করে মেসি জানিয়েছেন, তার কাছে এই পথচলা শুধু শিরোপা জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো যাত্রাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।

মেসি লিখেছেন, “এই এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কখনোই শুধু শিরোপা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল।” দলের সঙ্গে প্রতিদিনের সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি ধাপ উপভোগ করার অভিজ্ঞতাই তার কাছে বিশেষ বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

নিজের সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, যারা প্রতিদিন পরিশ্রম করে এই দলটিকে একটি পরিবারের মতো গড়ে তুলেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়।

আগামীকাল কী হবে, তা নিয়ে না ভেবে মেসি জানিয়েছেন, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করেছে যা কখনো মুছে ফেলা যাবে না। তার ভাষায়, এই দলের গল্প এমন একটি স্মৃতি হয়ে থাকবে, যা সবাই আজীবন মনে রাখবে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসির এই বার্তা সতীর্থদের প্রতি তার বিশ্বাস ও দলের প্রতি গভীর আবেগেরই প্রকাশ। আর্জেন্টিনার অধিনায়ক শেষ করেছেন সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে—“চলো আর্জেন্টিনা।