টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের স্বাদ পেল ইন্টার মায়ামি। আর সেই জয়টাও এলো লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচে একাই চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।
টানা পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ের পর এই জয় মায়ামির জন্য ছিল স্বস্তির। দলের হয়ে মেসি ছাড়া গোল করেছেন কাসেমিরো, লুইস সুয়ারেজ ও আলেক্সান্দার শো।
ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য সহজ ছিল না। স্বাগতিক মন্ট্রিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তাদের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। তবে ২০ মিনিটে কর্নার থেকে পাওয়া বল শক্তিশালী হেডে জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। মায়ামির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।
৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিল। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত শটে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মায়ামি। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি।
এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে মায়ামির জয় অনেকটাই নিশ্চিত করে দেন। চার মিনিট পর আবারও গোলের খাতায় নাম লেখান মেসি। তাতেই পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
মায়ামির গোলের ক্ষুধা তখনও মেটেনি। ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আলেক্সান্দার শো। আর ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।
শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। মেসির চার গোল ও এক অ্যাসিস্টের পারফরম্যান্সে দীর্ঘ অপেক্ষার পর জয়ের ধারায় ফিরল মায়ামি।