‘হরমুজে তেল পরিবহন স্বাভাবিক’, যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ তেহরানের

হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে চলছে-যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় রুটে তেল চলাচলের যে চিত্র যুক্তরাষ্ট্র তুলে ধরছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (২৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে ওই নিরাপত্তা সূত্র জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে-ওয়াশিংটনের এমন বক্তব্য ‘মাঠপর্যায়ের বাস্তবতার বিপরীত’। একই সঙ্গে এটি বিশ্ববাজারে জ্বালানির দাম প্রভাবিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ‘মনস্তাত্ত্বিক প্রচারণার’ অংশ বলেও দাবি করা হয়।
ইরানি সূত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্র এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্নে চলছে। অন্যদিকে, ইরানের নির্ধারিত উত্তরাঞ্চলীয় রুটকে অকার্যকর হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
তবে ইরান হরমুজ প্রণালীতে চলাচল বন্ধ রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ওই সূত্র। ইরানের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা এবং সতর্কবার্তা পাওয়ার পর কিছু তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তনের ঘটনাকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরানি নিরাপত্তা সূত্র আরও প্রশ্ন তুলেছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে যদি সত্যিই তেল পরিবহন স্বাভাবিকভাবে চলতে থাকে, তাহলে ওয়াশিংটন কেন ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছে?
তেহরানের দাবি, হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য মূলত আন্তর্জাতিক জনমত ও জ্বালানি বাজারকে প্রভাবিত করার কৌশলের অংশ।