তুরস্ক চলতি সপ্তাহে কৃষ্ণ সাগরে একটি তুর্কি জাহাজ এবং প্রথম জাহাজটিকে টেনে নেয়ার জন্য আসা দ্বিতীয় একটি জাহাজের ওপর হামলার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এএফপিকে জানায়, হামলাগুলো বুধবার ও বৃহস্পতিবার ঘটেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকের সময় তুরস্ক কৃষ্ণ সাগরে মানুষ, সম্পদ, নৌ চলাচল এবং পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পরম প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছে।
মন্ত্রণালয় জানায়, তুর্কি কনটেইনার জাহাজ লিডার বোর্দো মাভি বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার উপকূলের কাছে থাকাকালে হামলার শিকার হয়। পরের দিন, কার্গো জাহাজটিকে টেনে নেয়ার জন্য পাঠানো লিডার কোকাতেপে জাহাজটিও হামলার লক্ষ্যবস্তু হয়।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, মন্ত্রণালয় তা জানায়নি। স্থানীয় তুর্কি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কনটেইনার জাহাজটিকে তুরস্কের সামসুন বন্দরে টেনে নিয়ে যাওয়া হয়।
কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্য তুরস্ক কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছিল, তার অংশ হিসেবে যুদ্ধে লিপ্ত উভয় দেশই একে অপরের রপ্তানি আয়ের উৎসগুলো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তুর্কি বাণিজ্যিক জাহাজগুলো কৃষ্ণ সাগরে সক্রিয় রয়েছে এবং বিভিন্ন দেশের পতাকার অধীনে চলাচল করছে। এর মধ্যে বেশ কয়েকটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে, যেগুলো ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।