বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটে অভিযান, ৪ হাজার কেজির বেশি সামুদ্রিক মাছ জব্দ; ১৬ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস. আলম জেটি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামুদ্রিক মৎস্য দপ্তর (আগ্রাবাদ)-এর সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রলিং বোটসহ আটক জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ রোধ এবং সমুদ্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।