ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশের নতুন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের কাঁধে ভাইস এডমিরাল পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।

পরে নৌবাহিনী সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষর করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরবর্তীতে দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমির দায়িত্ব উল্লেখযোগ্য।

এ ছাড়া তিনি নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) এবং পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্বের পাশাপাশি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কর্মজীবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণ, শিপইয়ার্ড ও ডকইয়ার্ড উন্নয়ন এবং গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।