নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), চট্টগ্রামের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) বিকেলে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, অতিরিক্ত সিসিএম (পূর্ব) মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক চৈতী মুহুরী এবং ডিডি (পিআর) (পূর্ব) মো. হারুনুর রশীদ।
এছাড়া বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) এবং ডিএসএ (ঢাকা)।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় ডিএসএ (সদর) ও ডিএসএ (পাহাড়তলী) মুখোমুখি হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে ডিএসএ (সদর) জয়লাভ করে।
দিনের দ্বিতীয় খেলায় ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা) দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় একমাত্র গোলটি করে ডিএসএ (চট্টগ্রাম) দল জয় নিশ্চিত করে।
আয়োজকরা জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জুলাই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করবেন।