মেসিদের ‘লাকি’ রেফারির কাঁধে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের দায়িত্ব

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপপর্বের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে ওই ম্যাচে আর্জেন্টিনা দলের সঙ্গে চমকপ্রদ এক পুনর্মিলনী ঘটতে যাচ্ছে রেফারি সিজিমন মারসিনিয়াকের। চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে মেসি-এমবাপ্পেদের ম্যাচে মারসিনিয়াক রেফারির দায়িত্বে ছিলেন।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বুধবারের ম্যাচেও একই ভূমিকায় থাকবেন তিনি। দায়িত্ব পালন করবেন রেফারির। এটি আর্জেন্টিনার সঙ্গে মারসিনিয়াকের তৃতীয় সাক্ষাৎ। পরিসংখ্যান বলছে, মারসিনিয়াক যতবারই আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন, প্রতিবারই জয় পেয়েছে মেসির দল।
সিজিমন মারসিনিয়াক কে?
খেলোয়াড় থেকে রেফারি হওয়া মারসিনিয়াক একসময় পোল্যান্ডের শীর্ষ লিগে নিজের স্থানীয় ক্লাব উইসলা প্লোকের হয়ে খেলতেন। ২০০৬ সালে তিনি রেফারিং শুরু করেন এবং দ্রুত উয়েফার এলিট ক্যাটাগরির সদস্য হন।
তার উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে- ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল এবং২০২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা, ২০২২ ও ২০২৩ সালে টানা দুইবার ‘বিশ্বের সেরা রেফারি’ নির্বাচিত হওয়া, ছয় শতাধিক ম্যাচ পরিচালনা এবং দুই শতাধিক পেনাল্টি প্রদান করা।
আর্জেন্টিনার সঙ্গে তার শেষ সাক্ষাতে কী ঘটেছিল?
ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হিসেবে বিবেচিত ২০২২ বিশ্বকাপ ফাইনালের সবকিছুই যেন ছিল নাটকীয়। মেসি আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন। ম্যাচের তিনটি গোলই পেনাল্টি থেকে আসে। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং আর্জেন্টিনা বিজয়ী হয়।
একই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ১৬ ম্যাচেও রেফারি দায়িত্ব পালন করেছিলেন মারসিনিয়াক। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।
এখন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেক সমর্থক মনে করছেন, মারসিনিয়াক হয়তো আর্জেন্টিনার জন্য সৌভাগ্যের প্রতীক হতে পারেন। তাদের আশা, গ্রুপ জে-র প্রথম ম্যাচে আর্জেন্টিনা পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই অভিযান শুরু করবে।