দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ নেইমার, বিশ্বকাপে থাকা নিয়ে অনিশ্চয়তা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাস তিনেক। বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসেই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে নাম নেই নেইমারের।

স্কোয়াডে নাম না থাকায় ব্রাজিল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি নেইমারকে ছাড়াই বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল?

এদিকে দল ঘোষণার পর এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি কথা বলছি, কারণ চুপ করে থাকতে পারি না। অবশ্যই আমি ক্ষুব্ধ এবং দুঃখিত যে দলে ডাক পাইনি। তবে আমার লক্ষ্য একই—প্রতিদিন অনুশীলন করা, ম্যাচ খেলা এবং নিজেকে প্রস্তুত রাখা।’

ব্রাজিল দলে ফেরার পথে নেইমারের সবচেয়ে বড় বাধা তার শারীরিক অবস্থা। ২০১৩ সালে ইউরোপীয় ফুটবলে যোগ দেয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি ৪০টিরও বেশি চোটে পড়েছেন। সব মিলিয়ে প্রায় ১,৫০০ দিনের বেশি মাঠের বাইরে কাটিয়েছেন।

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। ২০২৪ সালের শেষদিকে আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেয়ার পর তার ফিটনেস নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। সান্তোসের হয়ে খেলার সময় চোটের ঝুঁকি কমাতে তাকে টানা ম্যাচ খেলানো হচ্ছে না; বরং পর্যাপ্ত বিশ্রাম দিয়ে ধীরে ধীরে মাঠে নামানো হচ্ছে।

অন্যদিকে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে তার ফিটনেসের কথাই উল্লেখ করেছেন।

তিনি বলেন,‘এই দলে আমরা শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েছি। নেইমার এখনও শতভাগ ফিট নয়। তাই তাকে রাখা হয়নি’। তবে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, ফিটনেস ফিরে পেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন নেইমার।