গাজীপুরে বেসরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ

গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করানোর সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে মনিপুর বাজারের ইবনে সিনা মডেল হাসপাতাল নামক বেসরকারি চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন পিরুজালী গ্রামের আকলিমা আক্তার আখি (২৫)। অভিযোগ, হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় এক নার্স ডেলিভারি করান এবং নবজাতক মৃত অবস্থায় জন্ম নেয়।

আকলিমার ভাই রানা অভিযোগ করেন, নার্স নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ডেলিভারি করান। প্রথম সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা ও পরিবারের সদস্যরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব অবশ্য বলেছেন, ‘ডেলিভারি করার পর বাচ্চা মৃত বের হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।’ জরুরি প্রয়োজনে নার্স দিয়ে ডেলিভারি করানোর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, প্রাইভেট হাসপাতালে চিকিৎসক না থাকলে এমনটি করা হয়।

জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও ব্যবস্থা না থাকলেও জরুরি রোগী ভর্তি করে ঝুঁকিপূর্ণ সেবা দেওয়া হচ্ছে।