বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এদিন রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন বলে জানান তিনি।
বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে আজ বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়। দুপুর ১টার দিকে বৈঠক শেষ হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকার দলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নেন।
বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়সহ সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।