কোটা প্রস্তাবের প্রতিবাদে বিএসসি ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ
চট্টগ্রাম অফিস :
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগ্রাবাদ বড়পোল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নাল আবেদীন।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী রহিম উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দিন, বন্দর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ, রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন এবং প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন ও পলিটেকনিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রস্তাবিত কোটা ব্যবস্থা ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য তৈরি করতে পারে। তারা দাবি করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে অন্য ক্যাডারের জন্য কোটা সংরক্ষণ করলে দীর্ঘদিনের কাঠামো ও পেশাগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবিত কোটা ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। – সৌধ/মিলন/চট্টগ্রাম