সদ্যঘোষিত চবি ছাত্রদল কমিটি থেকে সিনিয়র সহ-সভাপতির পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সদ্যঘোষিত কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।

সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বরাবর একটি চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ পত্রে উল্লেখ করেন, আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছিল। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু গত ১১ আগস্ট ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, সদ্যঘোষিত এই কমিটি এক দফা দাবি আদায়ের সংগ্রামে কর্মীদের উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখতে সক্ষম নয়। তাই আমি চবি ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ হতে পদত্যাগ করলাম।