গত বছরের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। সেই ছবিতে রোনালদোর হাতের ওপর নিজের হাত রেখে অনামিকায় বড় একটি আংটি দেখিয়েছিলেন তিনি। এক বছর পর সেই দৃশ্য যেন বদলে গেল—এবার জর্জিনার হাতের ওপর রোনালদোর হাত। দীর্ঘদিনের সম্পর্ক এখন আইনগতভাবে স্বামী-স্ত্রীর বন্ধনে পরিণত হয়েছে।
৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।