এবারও অল-স্টার গেমে থাকবেন না মেসি

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত এখনও শুকায়নি। সঙ্গে আছে ক্লান্তি। তাই পরিবারকে সময় দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরই মধ্যে আগামী বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবেঐতিহ্যবাহী মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার গেম। খবর টিওয়াইসি স্পোর্টস’র।

তবে গতবারের মতো এবারও খেলবেন না তিনি। কিন্তু এজন্য তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। ইন্টার মায়ামির অধিনায়ক ও তারকা খেলোয়াড় মেসি বর্তমানে নিজের জন্মশহর রোসারিওতে পরিবারের সঙ্গে কয়েক দিনের বিশ্রাম কাটাচ্ছেন। এই ছুটি আগে থেকেই ক্লাবের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।

আর ঠিক এ কারণেই মেসি এবং তার সতীর্থ রদ্রিগো দে পল—দুজনই এমএলএস ও লিগা এমএক্স অল-স্টারদের মধ্যকার ম্যাচে অংশ নেয়া থেকে অব্যাহতি পেয়েছেন।

এক বিবৃতিতে এমএলএস জানায়, ২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছিল যে, বিশ্বকাপ থেকে ফিরে আসা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে পৃথকভাবে আলোচনা করে উপযুক্ত বিশ্রাম এবং অনুশীলন ও প্রতিযোগিতায় ফেরার সময়সূচি নির্ধারণ করবে। সেই চুক্তি অনুযায়ী রদ্রিগো দে পল ও লিওনেল মেসি ২০২৬ এমএলএস অল-স্টার গেমে অংশগ্রহণ থেকে অব্যাহতি পাচ্ছেন।

অবশ্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এখনও পর্যন্ত মেসি কোনো এমএলএস অল-স্টার ম্যাচে খেলেননি। এদিকে মেসি ও দে পলের অনুপস্থিতি সত্ত্বেও অল-স্টার ম্যাচে একাধিক আর্জেন্টাইন ফুটবলার অংশ নেবেন। এমএলএস অল-স্টার দলে রয়েছেন আন্দ্রেস কুবাস। অন্যদিকে লিগা এমএক্স অল-স্টার দলে থাকছেন চারজন আর্জেন্টাইন ফুটবলার- হোসে পারাদেলা, হাভিয়ের রুইস, ফ্রাঙ্কো রোমেরো ও হুয়ান ব্রুনেত্তা।