মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

গাজীপুর সিটি নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এবারের নির্বাচনে মেয়র প্রার্থী ৮ জন। এর মধ্যে আলোচনায় আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী মো. আজমত উল্লা খান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও অপর স্বতন্ত্র প্রার্থী রনি সরকার।

তবে সিটি নির্বাচনের প্রথম ঘণ্টাতেই নিজেদের ভোট দিতে চান নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থীরা। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেওয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান টঙ্গীর দারুস সালাম মাদরাসার কেন্দ্রে সকালে নিজের ভোট দেবেন বলে জানা গেছে।

এছাড়া করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন কানাইয়া স্কুলের কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন টঙ্গী কলেজ রোড নিউ ব্লুন স্কুল, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি হাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি আগামীকাল টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন।