অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

যশোরের অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘আনিছ ট্রেড ভ্যালী’ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। এ সময় তিনি বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মশিউর রহমান, নওয়াপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামান প্রমুখ।