প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা

চট্টগ্রাম: ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল আয়োজন এবং লাখো ভক্তের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই রথযাত্রার সূচনা হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই প্রবর্তক মোড় ও আশপাশের এলাকায় ভক্তদের ঢল নামে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রথযাত্রার পুরো পথজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীতের আবহ।

নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রায় অংশ নেন। পরমেশ্বর ভগবান জগন্নাথ, বলদেব ও দেবী সুভদ্রার আশীর্বাদ লাভের আশায় ভক্তরা রথের রশি টানতে ভিড় করেন। অনেকেই রথের উদ্দেশ্যে ফুল, ফল ও প্রসাদ নিবেদন করেন এবং বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।

আয়োজক কমিটি জানায়, প্রবর্তক মোড়ের ইসকন মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চট্টেশ্বরী রোড ও কাজীর দেউড়ি মোড় অতিক্রম করে নন্দনকাননে গিয়ে শেষ হবে।

রথযাত্রাকে কেন্দ্র করে পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলদেব ও দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে গমন করেন। নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রার মাধ্যমে তাঁরা পুনরায় নিজ মন্দিরে ফিরে আসেন।

ঐতিহ্য, বিশ্বাস ও সম্প্রীতির এই উৎসব ধর্মীয় আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে চট্টগ্রামবাসীর জন্য পরিণত হয়েছে মিলনমেলায়। রথের চাকার সঙ্গে ঘুরেছে হাজারো ভক্তের আবেগ-অনুভূতি, আর উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো নগরী।