অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই গাড়িচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের সাগরিকা শাখা থেকে দামপাড়া (পুল) শাখায় সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) চসিক কর্তৃপক্ষ জানায়, সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে গত সোমবার (১৩ জুলাই) জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চসিকের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, গাড়িচালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার আলোকে চসিকের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, চসিকের উপসচিব স্বাক্ষরিত পৃথক এক অফিস আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার ওই দুই চালককে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্ব-বেতনে দামপাড়া (পুল) শাখায় সংযুক্ত করা হয়েছে।