চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি এনাম গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. এনামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২০ সালের ১৯ মে দায়ের হওয়া মহেশখালী থানার হত্যা মামলার (মামলা নং-০২/২০২০, জিআর নং-৮৬/২০২০)-এর প্রধান পলাতক আসামি মো. এনাম চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর একটি যৌথ আভিযানিক দল হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে মো. এনামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এনাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।