বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নির্দেশনায় সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে সাতকানিয়া ও লোহাগাড়ায় নেতৃত্ব দেন চউকের সচিব মোহাম্মদ মাহবুবউল করিম। অন্যদিকে বাঁশখালীতে চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চউক সবসময় আন্তরিক। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে মানুষের প্রয়োজনে চউকের সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সুশৃঙ্খলভাবে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
চউকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্যোগকালে সরকারি প্রতিষ্ঠানের এমন সহায়তা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।