এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভের জেরে চট্টগ্রামে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অন্যায়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও নগরীর ২ নম্বর গেট থেকে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তারা বন্যাকবলিত এলাকায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণার দাবি জানান।
পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনে থাকা কয়েকটি ব্যারিকেড ও স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে, ফলে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।