৭ বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান

সৌদি আরবে দীর্ঘ সাত বছর পর পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান।   এদিকে সৌদিতে দূতাবাস পুনরায় চালু করাকে সহযোগিতার ‘নতুন যুগে প্রবেশ’ বলে আখ্যায়িত করেছে ইরান।

মঙ্গলবার (৬ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার দূতাবাস চালু করেছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইরান ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার ইরান দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত রাষ্ট্রদূত আলরেজি এনায়েতসহ দুই দেশের উচ্চপদস্থ কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগদেলি বলেন, ‘আমরা আজকের দিনটিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করি। দুই দেশের সহযোগিতার সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করছে।’

ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় ইরানের জাতীয় সংগীত বাজছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগডেলি বলেছেন, ইরান ও সৌদির মধ্যে সহযোগিতা যে ‘নতুন যুগে প্রবেশ করছে’ এই পদক্ষেপ সেটিই প্রকাশ করেছে। মূলত চীনের মধ্যস্থতায় উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার তিন মাস পর দূতাবাস চালু করা হলো।

এর আগে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ওই বৈঠকে উভয় দেশের ‘দ্বিপাক্ষিক সম্পর্কের ভালো অগ্রগতি’ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রিন্স ফারহানকে উদ্ধৃত করে বলেছে, তেহরানে সৌদি দূতাবাস পুনরায় খোলার ভিত্তি তৈরি করা হচ্ছে এবং ‘শিগগিরই’ তার তেহরান সফরের বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

এর আগে গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আবার চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে গত ৮ই এপ্রিল ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত মাসে প্রখ্যাত কূটনীতিক আলীরেজা এনায়েতিকে রিয়াদে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।  তারই ধারাবাহিকতায় সৌদি আরবে নিজের দূতাবাস চালু করার কথা জানাল তেহরান।

২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক বছর পরিস্থিতি অপরিবর্তিত থাকার পর বিগত বছরগুলোতে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি কূটনীতিকরা অন্তত পাঁচবার দ্বিপক্ষীয় সম্পর্ক আবার চালু করার লক্ষ্যে আলোচনায় মিলিত হন। কিন্তু সেসব আলোচনা কাঙ্ক্ষিত ফল দিতে না পারলেও চীনা মধ্যস্থতায় তেহরান-রিয়াদ সম্পর্কের বরফ গলেছে।

এমএফ