ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। শনিবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ওড়িশায় ট্রেন দুর্ঘটনাস্থল ছাড়াও কটক হাসপাতালেও যাবেন যেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
দ্য হিন্দু প্রতিবেদনে আরও জানায়, আজ দুর্ঘটনাস্থলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে তিনি বালেশ্বরে পৌঁছবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের সঙ্গেও দেখা করবেন।
এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার বালাশ্বর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে দেখা করেছেন। তিনি চিকিৎসাসেবা নিয়ে চিকিৎসক ও রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতাল পরিদর্শনের পর পট্টনায়েক সাংবাদিকদের বলেন, ‘এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি স্থানীয়দের ধন্যবাদ জানাতে চাই, তারা ধ্বংসস্তূপ থেকে মানুষকে বাঁচাতে কাজ করেছে।’
শুক্রবার (২ জুন ) সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত নিহত হয়েছে ২৮৮ জন। আহত হয়েছে নয় শ’রও বেশি।
জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সাথে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি একটি পণ্যবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।
সর্বশেষ এ দুর্ঘটনাকে ভারতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।