রাজধানীসহ সারাদেশের ওপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৩১ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে আসার গড় সময় জুনের মাঝামাঝি। আগামী তিনদিনের মধ্যে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে। যদি মৌসুমি বায়ু জুনের মাঝামাঝি সময়ের মধ্যেও বাংলাদের উপকূলে না আসে তখন বলা যাবে যে দেরি হচ্ছে।
তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে পৌঁছানোর পর ১০-১৫ দিন লাগে সারাদেশে বিস্তার লাভের জন্য। এবার মৌসুমি বায়ু নর্মাল অনসেট (স্বাভাবিক বিস্তার লাভ) হবে।
শাহীনুল ইসলাম বলেন, আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে। তবে আরও কিছুটা সময় লাগবে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ৩৮.৪, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গায় ৩৮.২, টাঙ্গাইলে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াসসহ দেশের অধিকাংশ জেলাতেই ৩৬ ডিগ্রি থেকে সাড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।