সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী জম্মু ও কাশ্মীর। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে খাদে বাস উল্টে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছে কমপক্ষে ১২। তাঁদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে একটি খাদে উল্টে পড়ে পর্যটকদের একটি বাস। অমৃতসর থেকে রওনা দেওয়া বাসটির গন্তব্য ছিল কাটরা। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাঁদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
জম্মু সিনিয়র সুপারিনটেন্ডেন্ট চন্দন কোহলি বলেন, “১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের আঘাত অত্যন্ত গুরুতর ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে।” মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই জম্মুতে এই বাস দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রাখতে না বাসটি খাদের পড়ে যায় বলে ধারণা।
উল্লেখ্য, এর আগেও এরকম দুর্ঘটনার সাক্ষী হয়েছে ওই অঞ্চল।গত বছরের সেপ্টেম্বর মাসেও এমনই এক ভয়াবহ ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরে। পাহাড়ের মেজাজ ও খাড়া বাঁকের জন্য কাশ্মীরের পথে গাড়ি চালানো সমতলের তুলনায় অনেকটাই কঠিন। সেখানে মুহূর্তের অসাবধানতা ডেকে আনতে পারে মৃত্যু। গত আগস্ট মাসেও পহেলগাঁওয়ে গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ জন আইটিবিপি জওয়ানের।