ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে পূজা পাঠের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করা হয়। এসময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক সোনার রাজদণ্ড বা সেঙ্গল স্পিকারের আসনের পাশে স্থাপন করা হয়।
সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।
এর আগে পার্লামেন্ট ভবন উদ্বোধন উপলক্ষে সকাল সোয়া ৭টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পুজা শুরু হয়। ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ। এরপর বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন মোদি। উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানের পরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাদের অভ্যর্থনা জানান তিনি।
তবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধীরা। গত ২৪ মে সম্মিলিতভাবে ভারতের ১৯টি বিরোধীদল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ গুরুত্বপূর্ণ বিরোধী দল রয়েছে।