আবারও গ্রেপ্তারের আশঙ্কায় ইমরান খান

ফের গ্রেপ্তারের আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার এক টুইট বার্তায় তিনি জানান, তার লাহোড়ের বাসভবন ঘেরাও করেছে পুলিশ।

টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, পুলিশ তার লাহোরের বাড়ি ঘেরাও করেছে। ‘সম্ভবত আমার পরবর্তী গ্রেপ্তারের আগে এটাই আমার শেষ টুইট,’ বলেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, বিপুলসংখ্যক পুলিশ পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে। এর আগে বুধবার (১৭ মে) রাতে পুলিশ সদস্যদের জামান পার্কের দিকে অগ্রসর হতে দেখা যায়। এলিট পুলিশ কমান্ডো এবং অন্য প্রশিক্ষিত কর্মীরা এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া সংঘর্ষের আশঙ্কায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় রাখা হয়েছে।

এর আগে, ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে দুই সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের সেই আদেশ অনুযায়ী ওই মামলার প্রধান আসামি ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত। বুধবার (১৭ মে) পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত ফের বাড়ানো হয়েছে।

এদিকে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছেন তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। এসব কর্মী-সমর্থক ইমরানের বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান।