ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ও প্রধান বিচারপতি ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেফতার করে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।
এ বিষয়ে টেলিগ্রামে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি লেশচেঙ্কো বলেছেন, ইউক্রেনীয় দুর্নীতি দমন ব্যুরো এবং বিশেষায়িত দুর্নীতিবিরোধী প্রসিকিউটরের কার্যালয় তার বিরুদ্ধে ২৭ লাখ ডলার ঘুষ গ্রহণের প্রমাণ পেয়েছে।
ইউক্রেনীয় দুর্নীতি দমন ব্যুরো ফেসবুক পেজে বলা হয়, সম্প্রতি বিচারবিভাগের দুর্নীতি দমনে মনযোগ দিয়েছে জাতীয় দুর্নীতি দমন সংস্থা। প্রধান বিচারপতি ছাড়াও অন্তত ১৮ জন দুর্নীতিগ্রস্ত বিচারপতি ও বিচারক আছেন সংস্থার গোপন তালিকায়। ধীরে ধীরে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
২০২১ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কেনিয়াজিয়েভ। এর আগে তিনি বিচারপতি ও আদালতের সচিব হিসেবে কাজ করেছেন।
এর আগে সোমবার রয়টার্স জানিয়েছিল, দেশটির দুর্নীতি দমন সংস্থা সুপ্রিম কোর্টের বড় আকারের একটি দুর্নীতি তদন্ত করছে। তারা সোফায় ডলারের বান্ডিল স্তূপ করে রাখা একটি ছবিও প্রকাশ করেছে। সংস্থাটি সোমবার দুর্নীতিতে জড়িত হিসেবে কারও নাম প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধান বিচারপতিকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের শর্ত হিসেবে ইউক্রেনকে দুর্নীতি দমন করতে হবে। গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও টিআইবি সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১১৬তম স্থানে রয়েছে দেশটি।