মার্কিন যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী বহু অপরাধ করেছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী বলেছেন, মার্কিন সরকার মানবতাবিরোধী বহু অপরাধ করেছে।  তারা বিভিন্ন দেশে সরাসরি বেসামরিক জনগণ হত্যায় জড়িত।

রোববার (১৪মে) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধযজ্ঞ সম্পর্কে ইরানি জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  ‘দেশের মানুষের জানা উচিত যে, যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কী ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে।  এটি জানতে হবে এই কারণে যে, মার্কিনরা সরাসরি ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।  এর মধ্যে একটি হচ্ছে ১৭ হাজার ইরানি নাগরিককে হত্যা এবং দ্বিতীয়টি হচ্ছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা। ’

মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব আরও বলেন, মার্কিন সরকার ইরানের ওপর বহু বছর থেকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।  যার কারণে ইরানের সব ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  ইরান একটি ভিকটিম দেশে পরিণত হয়েছে।