উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (১৫ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার সকালে উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে একটি ট্রাক্টর ট্রেলারের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।
তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর আগুন ধরে যায়।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকটি শিশুও ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় যে ট্রেলার বহনকারী ট্রাকটি আর নেই। তবে, ট্রাকের চালক পালিয়ে নাকি দুর্ঘটনায় সেও মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতদের সবাই মেক্সিকান বলে ধারণা করা হচ্ছে।