পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশব্যাপী ‘স্বাধীনতা’ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়ে শনিবার লাহোর থেকে জাতির উদ্দেশে ভাষণে আজ রোববার বিকেলে ‘হাকিকি আজাদী’ আইন বাঁচাও, পাকিস্তান বাঁচাও’ লেখা প্ল্যাকার্ড হাতে সবাইকে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন পিটিআই প্রধান।
শনিবার রাতে ইউটিউবে দেওয়া এক ভাষণে ইমরান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। আপনাকে এটা কেড়ে নিতে হবে। এর জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে।’
তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান।
এর আগে, আল কাদির ট্রাস্ট মামলায় ১৫ দিনের জামিনে মুক্ত হওয়ার পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন। এসময় ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দেশটির সেনাবাহিনী নৃশংসতা চালিয়েছিল বলেও উল্লেখ করেন।
এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে অগ্নিসংযোগ, লুটপাট, নাশকতা এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধনের কলঙ্কজনক ঘটনায় সহায়তা, প্ররোচনা এবং অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।