গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতের আঁধারে হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ মে) রাত ২টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরের আগে রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাতের আঁধারে হওয়া ইসরায়েলি এই বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া হামলায় অজ্ঞাত সংখ্যক লোক আহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন জানায়, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। নিহতরা হলেন-জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, তিন নেতাকে তাদের স্ত্রী ও সন্তানসহ হত্যা করা হয়েছে। তাদের স্ত্রী বা কতজন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গাজা শহরের একটি আবাসিক ভবনের উপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিমান হামলার কোডনাম ছিল ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’। তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সদস্যকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। কারণ তারা সাম্প্রতিক ইসরায়েলের দিকে রকেট হামলার দায় স্বীকার করেছিল।

গত সপ্তাহে ইসরায়েলি কারাগারে সুপরিচিত ফিলিস্তিনি অনশনকারী খাদের আদনানের মৃত্যুর পর তাদের দিকে রকেট ছোড়া হয়েছিল। এরপর ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল।