চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ভেজাল ও অননুমোদিত পণ্যবিরোধী অভিযানে দুটি ফার্মেসি ও একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনিক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং বিক্রয়ের জন্য অনুমোদিত নয়—এমন ওষুধ বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় এ কে এস ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, গত ৩০ আগস্ট ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিস’ নামের একটি প্রতিষ্ঠানে তদারকির সময় নানা অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, মোড়কজাত পণ্যের প্যাকেটজাতকরণের তারিখ নিয়ে অনিয়ম রয়েছে। এছাড়া ‘ডোনা ইনস্টেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।
পরিদর্শনে আরও দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে মোড়কজাতকরণ ও সংরক্ষণ করা হচ্ছে এবং সংরক্ষিত পণ্যে পোকামাকড়ের উপস্থিতি রয়েছে। মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের ডেট টেম্পারিং করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করারও প্রমাণ পাওয়া যায়।
এছাড়া ‘ফুল ক্রিম গুঁড়া দুধ’ হিসেবে বাজারজাত করা হলেও পণ্যটি যথাযথ ফর্মুলা অনুসরণ করে প্রস্তুত করা হয়নি বলে তদারকিতে উঠে আসে।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘোষিত ওই জরিমানার টাকা আজ আদায় করা হয়েছে।
অভিযানে ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও মানহীন পণ্য বাজারজাত না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।