৫৭টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর ৯ এপিবিএনের

বাংলাদেশের বিভিন্ন থানা এলাকা থেকে জিডিমূলে উদ্ধার করা ৫৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রামের সাইবার টিম। সোমবার (৩১ আগস্ট) ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন।

হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও মানব পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মোবাইল উদ্ধার করা হয়।

এ সময় ৯ এপিবিএন, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ বলেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও মানব পাচারবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সাইবার ইউনিট এসব কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ভবিষ্যতেও ৯ এপিবিএন, চট্টগ্রামের সাইবার ইউনিট অপরাধ ও জঙ্গিবাদ দমন এবং মানব পাচারবিরোধী অভিযান অব্যাহত রাখবে।