মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে অংশ নেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। পরে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন পুলিশ সুপার।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।