কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিসিজি স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

আটক চোরাচালানকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। তারা এর আগে একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।

এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত আলামত ও আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।