জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট উদ্ধার, আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন তৈয়্যবীয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫৩-এর পুলিশ পরিদর্শক কাজী মাহফুজ হাসান সিদ্দিকীর নেতৃত্বে গত ১৩ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় এজাহারনামীয় আসামি মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় ১৪ আগস্ট ২০২৬ একটি মামলা করা হয়। মামলার ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আসামিকে নিয়ম অনুযায়ী পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার বর্তমান ঠিকানা বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়াঘরের ১ নম্বর কক্ষে জাল টাকা তৈরির মেশিন ও সাদা কাগজে ছাপানো জাল টাকা রয়েছে।

ওই তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট ২০২৬ রাত ১২টা ৪৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়াঘরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আসামির নিজ হাতে বের করে দেওয়া ও দেখানো মতে জাল টাকা তৈরির একটি মেশিন, ১০০ টাকার ৪৩টি জাল নোট, ৫০০ টাকার ২৪টি জাল নোট, ১ হাজার টাকার দুটি জাল নোট এবং একটি কাঁচের গ্লাস উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা।

পরে উদ্ধার করা আলামত জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। পুলিশ রিমান্ড শেষে আসামি মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিনকে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।