চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় অপারেশন ‘সমুদ্র প্রহরা’র দায়িত্বে থাকা কোস্ট গার্ড জাহাজ ‘কুতুবদিয়া’ ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে সেটিকে আটক করে।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা, বোট ও আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।